ইসির এত বদনামের এক নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না। তাঁরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চান না। তাঁরা নিরপেক্ষ থাকতে চান।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিইসি বলেন, ‘ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়। এটা কেন হলো তার ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। আমার কাছে এক নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন (নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়ন্ত্রণ)। এটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ।’

এ এম এম নাসির উদ্দীন আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন (নির্বাচন কমিশনের ওপর প্রভাব) বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি।’

এ আয়োজনে দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান ও বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান যথাক্রমে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পান।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *