ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা বিসিবি সভাপতি তামিমের

বোর্ডের আওতাভুক্ত জাতীয় দলের বাইরের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল আজ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। 

ঘরোয়া টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য এত দিন ৫ হাজার টাকা করে পেতেন নারী ক্রিকেটাররা।সেটি বেড়ে এখন টি-টোয়েন্টিতে ১০ হাজার ও এক দিনের ম্যাচে ১৫ হাজার টাকা করা হয়েছে। চার দিনের ম্যাচ ফি ৮ হাজার থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ নারী ক্রিকেটারের বেতনও ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

ছেলেদের ক্রিকেটে তিন ক্যাটাগরি মিলিয়ে বোর্ডের চুক্তিতে আছেন ৯৫ জন।‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ থেকে বাড়িয়ে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে বাড়িয়ে ৫০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

গতকাল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত অ্যাডহক কমিটির দুটি সভা করেছেন তামিম। দুটি সভার পরই সংবাদ সম্মেলনে এলেও কোনোটিতেই সংবাদমাধ্যমকে কোনো প্রশ্ন করার সুযোগ দেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।গতকালের মতো আজও চলে গেছেন সভার সিদ্ধান্ত জানিয়েই।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা পরিচালনা পরিষদকে অবৈধ দাবি করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি ছিল না ক্লাবগুলোর বড় একটি অংশ। এখন লিগ শুরুর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তামিম। দ্রুতই সব ক্লাবের সঙ্গে বসবে বোর্ড।

এদিকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।নির্দিষ্টভাবে এখনো সময় না জানালেও ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা থেকে শুরু হতে পারে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *